বাগেরহাট, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে বাঘের হামলায় এক জেলের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নিহত রশিদ মুন্সী (৫৫) বাগেরহাটের শরণখোলা উপজেলার বগি সাতঘর গ্রামের করিম মুন্সীর ছেলে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রশিদ ও তমির হালদার নামের দুই জেলে বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের বগি স্টেশন থেকে পাস নিয়ে নৌকায় সুন্দরবনে মাছ ধরতে যায়।
তিনি বলেন, "বগি স্টেশন সংলগ্ন গামার খাল এলাকায় পৌঁছানোর পর রশিদ নৌকা থেকে বনের ভেতরে নামলে একটি বাঘ তার ওপর হামলা চালায়। এরপর তাকে টেনে-হিঁচড়ে গভীর বনে নিয়ে যায়।
"রশিদের সঙ্গী তমির ফিরে বগি স্টেশনের বনকর্মীদের ওই খবর জানায়। এরপর তারা গভীর জঙ্গল থেকে রশিদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তার বাম পা থেকে কোমর পর্যন্ত বাঘে খেয়ে ফেলেছে।"
রাতেই রশিদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান বন কর্মকর্তা মিহির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫৫ ঘ.
bdnews24