গাজীপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার রাতে গণপিটুনীতে এক ছিনতাইকারীর মৃতু হয়েছে।
নিহতের নাম রুবেল খান (২২)।
পুলিশ জানিয়েছে, রুবেল গণপিটুনির কবলে পড়ার আগে তার সহযোগীদের ছুরিকাঘাতে টঙ্গীর ভরান এলাকার মাসুদ (৩৫) নামের একজন আহত হন। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদ বাড়ি ফেরার পথে ভরান এলাকায় রাত পৌনে ১০টার দিকে রুবেলসহ কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন।
তিনি বলেন, "মাসুদ কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মাসুদ তখন এক ছিনতাইকারীকে জড়িয়ে ধরলে অন্যরা তার হাতে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে থাকে।
"এ সময় মাসুদের চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। এর মাঝে অন্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুবেলকে পুলিশের হাতে সোপর্দ করে।"
পুলিশ কর্মকর্তা রুহুল আনি জানান, রুবেলকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২০ ঘ.
bdnews24