ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বিজয়নগর উপজেলায় বৃহস্পতিবার দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে।
দুপুরে সরাইলের বাড়ীউরায় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে টেম্পো রাখাকে কেন্দ্র করে দু'দলের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।
সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা জানান, টেম্পো রাখাকে কেন্দ্র করে চালক শাহজাহান মিয়া ও রাশেদ মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
পরে দুজনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
ওসি জানান, খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা মধ্যে আছেন- আবু মিয়া (৩৫), শাজাহান মিয়া (৩০), গিয়াস (২৫), রজব আলী (২৫), মিজান(২২), কামাল (২২)।
এদের মধ্যে শাজাহানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে সকালে বাকিতে কোমলপানীয় কেনা নিয়ে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর ও কল্যাণপুর গ্রামের দুদলের মধ্যে সংঘর্ষ হয়।
বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ জানান, মনিপুর গ্রামের ফারুক মিয়া ও পাশের কল্যাণপুর গ্রামের জাকিরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫০৭ ঘ.
bdnews24