২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য অপসারণ শেষ হবে বৃহস্পতিবার

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের কাজ বৃহস্পতিবারের মধ্যে শেষ করবে ঢাকা সিটি করপোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের কাজ বৃহস্পতিবারের মধ্যে শেষ করবে ঢাকা সিটি করপোরেশন। বুধবার দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের জন্য বিশেষ ব্যবস্থায় কাজ শুরু হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপিন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "বুধবার দুপুর ১২টা থেকে ১২ হাজার কর্মী ও ২শ গাড়িচালক বর্জ্য অপসারণের কাজ করে যাচ্ছে। এতে সিটি করপোরেশনের ৯ হাজার কর্মীর পাশাপাশি বেসরকারি সংস্থার ৩ হাজার পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত রয়েছে।" ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান বিপিন কুমার সাহা। এ কাজে তার নেতৃত্বে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। বিপিন কুমার সাহা বলেন, "কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ অনেকাংশে সম্পন্ন হয়েছে। কোরবানি খুব বশি না হলে বৃহস্পতিবার রাতের মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হবে।" সাধারণত রাজধানীতে প্রতিদিন ৪ হাজার টন বর্জ্য তৈরি হয়। কোরবানির ঈদে এর পরিমাণ দাঁড়ায় ১৮ টনের বেশি। বর্জ্য অপসারণ কাজের জন্য ৪০টি কনটেইনার, ২০টি ডাম্পার, ১৩৭টি খোলা ট্রাক, ২৫টি কমপ্যাক্টর ট্রাক, ৩টি প্রাইম মুভার, ২টি টায়ার ডোজারসহ ফায়ার সার্ভিস এবং ওয়াসার পানি সরবরাহের গাড়ি কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২০০৯ ঘ.