প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছর পার হয়ে গেলেও দৈনিক সমকালের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বিচার কাজ শেষ হয়নি।
মামলাটি রায়ের পর্যায়ে চলে আসা সত্ত্বেও আসামিপক্ষ বিচার বিলম্বিত করার উদ্দেশ্য নিয়ে বার বার নানা অজুহাতে শেষ শুনানির মূলতবি চায় বলে মামলার বাদী সমকালের সাংবাদিক হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন।
২০০৫ সালের ১৭ নভেম্বর সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে পত্রিকার ফরিদপুর কার্যালয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা।
মামলাটির বিচার চলছে ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে।
এ মামলার বিচারের ভার কয়েকজন বিচারকের হাত ঘুরে আবার প্রথম বিচারক শাহেদ নূর উদ্দিনের হাতে ন্যস্ত হয়েছে। তিনি এ মামলার সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে ঢাকার এ আদালত থেকে রাজবাড়ির আদালতে বদলী হয়ে যান। এরপর ভারপ্রাপ্ত একজন বিচারকসহ তিন জন বিচারকের কাছে মামলাটির বিচারের ভার পড়ে।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর আসামি পক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছিলো। কিন্তু নিয়ম অনুযায়ী এ বিচারক রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক নিজে শুনবেন বলে আবারো যুক্তিতর্কের জন্য আগামি ২১ নভেম্বর দিন রেখেছেন।
ফরিদপুর শহরে মুজিব সড়কের সংস্কার কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সন্ত্রাসীরা ক্ষুদ্ধ হয়ে গৌতমকে হত্যা করে বলে মামলার বিবরণে জানা যায়।
মামলার বাদী হাসানুজ্জামান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু আবদুল্লাহ ভূঁইয়া অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন অগ্রহনযোগ্য যুক্তি ও কারণ দেখিয়ে আসামিপক্ষ বার বার হাইকোর্টে যাওয়ার কারণে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার দ্রুত বিচার ব্যহত হচ্ছে।"
এ মামলায় ২০০৬ সালের ১৯ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছর ১ অগাষ্ট ফরিদপুরের আদালত থেকে মামলা দ্রুত বিচারের জন্য ঢাকার এ আদালতে স্থানান্তর করা হয়।
২০০৭ সালের ১৩ নভেম্বর আসামি পক্ষ মামলাটি বিচারে হাইকোর্ট থেকে স্থগিত আদেশ পায়। পরে সে আদেশ প্রত্যাহারও হয়।
মামলার সকল আসামিই জামিন পেয়ে গেছে। আসামিদের সকলের বিরুদ্ধেই একাধিক মামলা ফরিদপুরসহ বিভিন্ন জেলার আদালতে বিচারাধীন রয়েছে।
এ মামলার একজন আসামি আসিফ ইমরান এ আদালতে আত্মসমর্পন করার পর জামিন নামঞ্জুর হওয়ায় গত ২১ এপ্রিল কাঠগড়া থেকে পালিয়ে যায়। তখন এ আদালতের বিচারক ছিলেন ঋষিকেশ সাহা। ২৬ অগাষ্ট আসিফ ইমরান র্যাবের হাতে ধরা পড়ে। কিন্তু পরে এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম রাষ্ট্রপক্ষের তুমুল আপত্তি সত্ত্বেও ওই আসামির জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নানা কারণেই আসামি পক্ষ বিচার বিলম্বিত করার মত সুযোগ বার বার পেয়ে যাচ্ছে।"
আসিফ ইমরানের পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট টি এম আকবর।
এ মামলার বিচার কাজের জন্য ১৩৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া আছে।
এই সময় পার করার জন্য আসামি পক্ষ বিভিন্ন কৌশল নিচ্ছে বলে এর আগে অভিযোগ ওঠে। কারণ, এ সময়ের মধ্যে এ আদালতে বিচার শেষ করা না গেলে মামলাটি পূর্বের বিচারিক আদালত অর্থাৎ ফরিদপুরের আদালতে ফিরে যাবে।
সেখানে শক্তিশালী আসামিপক্ষ বিচারে প্রভাব সৃষ্টি করতে সক্ষম হবে বলে এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।
মামলায় ১০ আসামি আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া, আবু তাহের মতুর্জা ওরফে এ্যপোলো জামিনে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৯৩৭ ঘ.
bdnews24