চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজু মিয়া হাটে বুধবার গণপিটুনিতে চার চোর গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তাদের একজনের নাম আব্দুর রাজ্জাক (৩০)। অন্যদের নাম জানাতে পারেনি পুলিশ।
হাটহাজারী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর ৫টার দিকে একদল চোর নজু মিয়া হাটের সুলতানা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানের দেয়াল ভেঙে ঢোকার চেষ্টা করে।
তিনি বলেন, "এসময় এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া করে। কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে ধরে পিটুনি দেয় তারা।"
আবুল কালাম আজাদ জানান, আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এজে/১৪১৭ ঘ.
bdnews24