কিশোরগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো এবারো দেশের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
সকাল ৯টায় শুরু হওয়া এ জামাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেয় বলে ধারণা করছে ঈদগাহ কমিটি।
এ জামাতে অংশ নিতে সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত সাত একর আয়তনের শোলাকিয়া ঈদগাহে।
মুসল্লিদের আসার সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছায়।
১৮২৮ সালে শোলাকিয়া মাঠে অনুষ্ঠিত হয় প্রথম ঈদ জামাত। সে হিসাবে এবারের জামাত ছিল ১৮৩তম। এটি পরিচালনা করেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
জামাত শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।
শান্তিপূর্ণভাবে জামাত সম্পন্ন করতে মাঠের চারদিকে পর্যাপ্ত সংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক স্কাউট সদস্য দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩১০ ঘ.
bdnews24