২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দিদের জন্য বিশেষ খাবার

প্রতিবারের মতো এবারো ঈদুল আজহায় দেশের সব কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বন্দিদের আত্মীয়রা বুধবার তাদের সঙ্গে দেখা করার সুবিধা পাচ্ছেন। ঘরে তৈরি খাবারও সরবরাহ করতে পারছেন তারা। জানাচ্ছেন সায়েদুল ইসলাম তালাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 05:27 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবারের মতো এবারো ঈদুল আজহায় দেশের সব কারাগারে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বন্দিদের আত্মীয়রা বুধবার তাদের সঙ্গে দেখা করার সুবিধা পাচ্ছেন। ঘরে তৈরি খাবারও তারা সরবরাহ করতে পারছেন। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ওদিকে ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগার থেকে ১০৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে বলেন, "প্রতিবারের মতো এ ঈদেও আমরা কারাগারগুলোয় বিশেষ ব্যবস্থা নিয়েছি। এর মধ্যে ঈদের জামাত, ভালো খাবার ইত্যাদি রয়েছে।" কারা উপ-মহাপরিদর্শক গোলাম হায়দার জানান, ঈদের সকালে খাবারের তালিকায় রয়েছে পায়েস ও মুড়ি। দুপুরে ডিম, রুই মাছ ভাজি, সাদাভাত ও আলুরদম। রাতে পোলাও-মাংস (গরু ও খাসি) ও মিষ্টি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাঈদী, কামারুজ্জামান ও কাদের মোল্লা এবং বিএনপি নেতা সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু রয়েছেন। তবে ঈদে তারা সাধারণ বন্দিদের মতোই সুযোগ-সুবিধা পাচ্ছেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। কুমিল্লা কারাগারে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মায়ের সঙ্গে ১০টি শিশু নিরাপত্তা হেফাজতে রয়েছে। তাদেরকে নতুন পোশাক দিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রতি ঈদে কারাগারগুলো থেকে কিছু বন্দি মুক্তি দেওয়া হয়ে থাকে। ঈদুল আজহা উপলক্ষে ৩৬টি কারাগার ১০৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে দেশের ৬৩টি কারাগারে প্রায় ৬৫ হাজার বন্দি রয়েছে। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে ৭৬০০ জন। তাদের মধ্যে মহিলা ২৭৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১১২৭ ঘ.