বাগেরহাট, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য শিকদার ফিরোজ আহমেদ (৩৫) দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে কচুয়া বাজারের একটি মিষ্টির দোকানের ভেতরে এই ঘটনা ঘটে।
ফিরোজ অভিযোগ করেন, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার ছেলে মীর রহমত আলীর নেতৃত্বে মটরসাইকেলে করে একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি পেটায়।
তবে মীর রহমত আলী এই অভিযোগ অস্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেল পাঁচটার দিকে ভাইস চেয়ারম্যান ফিরোজ মিষ্টির দোকানের সামনে বসে ছিলেন। এ সময় তিনটি মটরসাইকেলে করে ছয়-সাত জন যুবক তার কাছে আসে।
কুশল বিনিময়ের এক পর্যায়ে এক যুবক নিজেকে সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার ছেলে বলে পরিচয় দেন।
ফিরোজ তাদের আপ্যায়ন করতে মিষ্টির দোকানের ভেতরে নিয়ে যান। টেবিলে বসে মিষ্টি খাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে ওই যুবকরা উত্তেজিত হয়ে ভাইস চেয়ারম্যানকে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ সময় তারা বলেন 'তুই এমপি সাহেবের নামে অপপ্রচার চালাচ্ছিস।' পরে স্থানীয় লোকজন জড়ো হলে যুবকরা ঘটনাস্থল ত্যাগ করে।
বাগেরহাট শহরের বেসরকারি হাসপাতাল মুক্তি ক্লিনিকে চিকিৎসাধীন ফিরোজ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে অভিযোগ করেন, সাংসদের ছেলে মীর রহমত আলীর নেতৃত্বে এক দল যুবক তাকে প্রহার করেছে।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানও একই কথা বলেন।
তবে অভিযুক্ত মীর রহমত আলী এই ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, মঙ্গলবার বিকালে তিনি কচুয়ায় যাননি। ভাইস চেয়ারম্যান ফিরোজকে তিনি চেনেন না।
কচুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে জেলা গোয়েন্দা পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা ফিরোজকে দেখতে ক্লিনিকে যান।
কচুয়া থানার ওসি আ ন ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাইস চেয়ারম্যান ফিরোজের ওপর হামলা হয়েছে। তিনি এই ঘটনার জন্য মৌখিকভাবে মীর রহমত আলীকে দায়ী করেছেন। তবে কোন লিখিত অভিযোগ দেননি।
ওসি বলেন, হামলার কারণ তাদের কাছে এখনও স্পষ্ট নয়।
ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা. এস কে কাইয়ুম জানান, ফিরোজের মাথা ও কপালে আঘাত পেয়েছেন। কপালের এক স্থানে চামড়া ছিলে গেছে। রোগীর বমি না হলে ভয়ের কোনো কারণ থাকবে না বলে তিনি মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৮ ঘ.
bdnews24