২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁদপুর, জয়পুরহাট ও মুন্সীগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 04:39 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর, জয়পুরহাট ও মুন্সীগঞ্জে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ৬ জন। চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এতে পুলিশসহ দুজন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: কচুয়া উপজেলার সাচার এলাকায় মিল্কভিটার দুধবাহী গাড়ি চাপায় মারা গেছেন আব্দুল কাদের (৪০) নামে এক মাছ ব্যবসায়ী। তিনি উপজেলার রাজারামপুর এলাকার আশরাফ আলীর ছেলে। পুলিশ বলেছে, সন্ধ্যা ৬টার দিকে সাচার বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাদের দুর্ঘটনার শিকার হন। সাচার পুলিশ ফাঁড়িতে হামলায় আহত হন কনস্টেবল জহিরুল ইসলাম (৪০) ও গাড়িটির চালক আবু সাঈদ (৫০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কচুয়া থানার ওসি হারুনুর রশিদ জানান, পুলিশ গাড়ি ও এর চালক আবু সাঈদকে আটক করেছে। স্থানীয়রা জানায়, ওই সময় বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা গাড়ি চালককে কেড়ে নেওয়ার চেষ্টা করলে এই নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ব্যবসায়ীসহ স্থানীয়রা সাচার পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) প্রণব কুমার রায় জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। জয়পুরহাট: পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের হরেন্দা এলাকায় বাস-টেম্পোর সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। টেম্পোটি পাঁচিবিবি বাজারের দিকে যাচ্ছিলো। প্রত্যক্ষদর্শী ও পাঁচবিবি থানা জানায়, টেম্পোটি হরেন্দা এলাকায় পৌঁছামাত্র পাঁচবিবি থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জ মুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই এনামুল হক (২৫) নামে এক যাত্রী মারা যান। তার বাড়ি পাঁচবিবির বয়ড়া গ্রামে। আহতদের প্রথমে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চারজনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে বিকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন- কালাই উপজেলার বলিগ্রামের নীতিন চন্দ্র (৩৬) ও বিজয় কুমার (৩৫), পাঁচবিবি উপজেলার আমিরপুর গ্রামের আব্দুল আলীম (৪০) ও জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের রেজাউল করিম (৩০)। পাঁচবিবি থানার ওসি বিমান চন্দ্র কর্মকার সাংবাদিকদের জানান, নিহত টেম্পোযাত্রীর লাশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুন্সীগঞ্জ: দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ-মাওয়া সড়কের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় অটোরিকশা চাপায় মারা গেছে মো. রোকন (৫) নামের এক শিশু। সে কুমারভোগ গ্রামের জাহিদুর রহমানের ছেলে। মাওয়া ফাঁড়ি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, মাওয়া থেকে অটোরিকশাটি লৌহজং আসার পথে পথচারী শিশুটিকে চাপা দেয়। পুলিশ কর্মকর্তা জানান, অটোরিকশাটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৫ ঘ.