ফরিদপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার চুমুরদি নামক স্থানের ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। এদের মধ্যে গুরুতর পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত বাসচলক বাদল হাওলাদারের (৪০) বাড়ি ঝালকাঠি জেলায়। হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি দ্বীন-ই-ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরভী পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
তিনি বলেন, "এতে ঘটনাস্থলে বাসচালক বাদল এবং অজ্ঞাতপরিচয় এক যাত্রী মারা যান। আহত অজ্ঞাতপরিচয় আরেক যাত্রীর মৃত্যু হয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫১৩ ঘ.
bdnews24