কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে বাড়ি ফেরার জন্য দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী রাজধানীর সদরঘাটে লঞ্চের অপেক্ষায় আছেন। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত যাত্রী নিয়ে ৬৫টি লঞ্চ ছেড়ে গেলেও ভিড় কমেনি।
কর্মকর্তারা জানিয়েছে, সোমবার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৩৯টি রুটে ১২৪টি লঞ্চ ছেড়ে যায় এবং আসে ৯৭টি লঞ্চ। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ছেড়ে গেছে ৬৫টি; এসেছে ৫৮টি। তারপরও যাত্রীর প্রচণ্ড চাপ রয়েছে।
কারণ হিসেবে তারা বলছেন, ঈদকে সামনে রেখে গত দুই দিন দেড় থেকে দুই লাখ যাত্রী আসছেন। কিন্তু যেসব লঞ্চ আছে তাতে ধারণক্ষমতা ৫০ হাজারেরও কম। তাই অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে গেলেও ভিড় কমছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো এসব মানুষের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর মহীউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোলা থেকে ঢাকায় আসার পথে সোমবার রাতে ভাটার কারণে চাঁদপুরের চরে আটকা পড়ে কর্ণফুলী-৪, শ্রীনগর-৩ ও বালিয়া নামের তিনটি লঞ্চ।
তিনি বলেন, মঙ্গলবার সকালে জোয়ার আসার পর লঞ্চ তিনটি ছেড়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত সেগুলো ঢাকায় পৌঁছায়নি। এর ফরে ভোলার হাজার হাজার যাত্রী সদরঘাটে ভিড় করে আছে।
মহীউদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে সম্পদ ও লালি নামের দুটি লঞ্চ সদরঘাট পন্টুনে ভেড়ামাত্র ১০ মিনিটের মধ্যে ভরে যায়।
পটুয়াখালী যাওয়ার জন্য সোমবার দিবাগত রাত ৩টা থেকে সদরঘাটে পরিবার নিয়ে অপেক্ষা করছেন কামরাঙ্গীরচরের ভ্যানচালক বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সকালে পটুয়াখালীর তিনটি লঞ্চ ছেড়ে গেছে। কিন্তু সেগুলোর কোনোটিতেই ওঠার মতো পরিস্থিতি ছিলো না।
দুপুরে বরিশালগামী সুন্দরবন-৮ ও মানিক-৪ লঞ্চে অতিরিক্ত যাত্রীর ভিড় দেখা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত যাত্রী নেওয়ার বিষয়ে এ বছর প্রশাসনের হস্তক্ষেপ কম। প্রশাসন বুঝে গেছে দক্ষিণবঙ্গের লোকেরা এভাবেই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।"
এ নিয়ে প্রশাসন হস্তক্ষেপ করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতো বলে দাবি করেন তিনি।
বিআইডাব্লিউটিএ এর পরিচালক (মেরিন সেফটি) শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার খুব ভোরে যেসব লঞ্চ ছেড়ে গেছে সেগুলো দুপুর সাড়ে ৩টা নাগাদ ফিরে আসবে।
তখন অপেক্ষমান যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে আশা করছেন তিনি।
এ ব্যাপারে বিআইডাব্লিউটিএ এর যুগ্ম সচিব আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেসরকারি যেসব লঞ্চ আছে সেগুলোতে দিনে ৪০ হাজার যাত্রী নেওয়া সম্ভব। কিন্তু ঈদকে কেন্দ্র করে গত দুইদিন দেড় থেকে দুই লাখ যাত্রী আসছে।
"আর সরকারি যেসব লঞ্চ তাতে দিনে ৩-৪ হাজার যাত্রী নেওয়া সম্ভব হয়। এ কারণে পরিস্থিতি সামাল দিতে কষ্ট হচ্ছে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।"
সদরঘাট থেকে গত দুই দিন দক্ষিণবঙ্গের ৩৯টি রুটে গড়ে প্রায় ১০০টি লঞ্চ ছেড়েছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএ এর ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহাবুবুর রহমান মাহফুজ।
তিনি বলেন, অন্য সময় এসব রুটে ৪৫-৫০টি লঞ্চ যাতায়াত করে।
ওদিকে যাত্রী দুর্ভোগ লাঘবে নতুন লঞ্চ তৈরি বা এ খাতে বিনিয়োগে অনেকেই এখন আর আগ্রহী নন বলে জানা গেছে।
লঞ্চ মালিকরা এজন্য ২০০৫ সালের এক আইনকে দায়ী করছেন।
এ বিষয়ে এক লঞ্চের মালিক আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন লঞ্চ কীভাবে আসবে? এ নিয়ে ২০০৫ সালে যে আইন হয়েছে তাতে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেছে। ওই আইনে দুর্ঘটনার জন্য চালকদের পরিবর্তে মালিকদের বিরুদ্ধে মামলা করার বিধান রাখা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/কেএমএস/১৩৫৮ ঘ.
bdnews24