ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি তৎপরতার অভিযোগে গত বছর আটক তিন পাকিস্তানি নাগরিককে ফিরিয়ে নিয়ে গেছে পাকিস্তান।
বাংলাদেশে পাকিস্থানি দূতাবাসের কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নিজ দেশে নিয়ে গেছেন।
এরা হলেন সৈয়দ আব্দুল কাইয়ুম আজহারী ওরফে সুফিয়ান (২২), আশরাফ আলী জিহাদ (২৪) ও মো. মনোয়ার আলী (৩০)।
সোমবার সকাল সাড়ে ১০টায় তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয় বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের বিরুদ্ধে আটকাদেশ ছিলো। জঙ্গি তৎপরতার অভিযোগ থাকলেও তা মামলা করার মতো যথেষ্ট ছিলো না।"
পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তারা তাদের কারাগার থেকে নিয়ে দেশে ফেরত পাঠিয়েছেন বলে জানান মনিরুল।
বাংলাদেশে ভারতীয় ও মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে গত বছরের ১৩ নভেম্বর গাজীপুরের টঙ্গি ও ঢাকার উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সুফিয়ান গাজীপুরের ইসলামিক ইন্সটিটিউট অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন। অন্য দুজন ডিপ্লোমা প্রকৌশলী ছিলেন।
আটকের পর তৎকালীন পুলিশ কমিশনার একেএম শহিদুল হক সংবাদ সম্মেলনে জানান, এরা বাংলাদেশে বসে, পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার হয়ে কাজ করতেন। এদের ভিসা ও পাসপোর্ট থাকলেও বাংলাদেশে কাজ করার কোনো অনুমতি ছিল না।
এর কিছুদিন আগে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার কয়েক জঙ্গির তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/১৯৪৬ ঘ.
bdnews24