২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল গুঁড়া মশলা আটক, একজনের সাজা

বাগেরহাটে পাঁচশ' কিলোগ্রাম গুঁড়া মসলা আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

বাগেরহাট, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে পাঁচশ' কিলোগ্রাম গুঁড়া মসলা আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল পণ্য বাজারজাত করার অভিযোগে আদালত এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলা হয়েছে আরো একজনের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাগেরহাট বাজারের সুপারি পট্টি এলাকার ঝন্টু কুণ্ডুর মালিকানাধীন কারখানার সামনে থেকে নসিমন বোঝাই ভেজাল মশলা আটক করে। এর মধ্যে গুঁড়া হলুদ ও মরিচ রয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় লালু হাওলাদারকে (২৭)। পরে ঝন্টুর মশলা ভাঙানোর কারখানাটি তল্লাশি করে একই ধরনের আরো পাঁচ বস্তা ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া এবং খাওয়ার অনুপোযোগী কিছু রং উদ্ধার করা হয়। রাতেই কারখানাটি সিলগালা করে দেয় আদালত। কারখানা মালিক ঝন্টু পালিয়ে গেছেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইমান আলী সাংবাদিকদের জানান, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শেখ মো. আশরাফ আলী বাদি হয়ে ঝন্টুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। আটক লালু পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আরজি নলবুনিয়া গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে। তিনি ঝন্টুর কারখানা থেকে এসব ভেজাল গুঁড়া মশলা পিরোজপুরে বাজারজাত করতে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ কর্মকর্তা ইমান আলী জানান, লালুকে রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে বাগেরহাট বাজারসহ আশপাশের কয়েকটি কারখানায় কুঁড়া, চালের গুঁড়া ও রাসায়নিক রং মিশিয়ে ভেজাল মশলা তৈরি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.