২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালচিত্র

ঢাকাসহ সারাদেশে বিএনপির ডাকা হরতালে যে সব ঘটনা ঘটেছে, তার একটি চিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ সারাদেশে বিএনপির ডাকা হরতালে যে সব ঘটনা ঘটেছে, তার একটি চিত্র। ঢাকা নয়া পল্টন: সকাল সোয়া ১০টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলের চেষ্টা হলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি নেতারা সারাদিন দলীয় কার্যালয়েই ছিলেন। দেলোয়ার অভিযোগ করেন, সারাদেশে মিছিল থেকে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বিনা উস্কানিতে। মহাখালী: তিতুমীর কলেজের সামনে সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদল পিকেটিং শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। মিরপুর: সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ২ নম্বরে প্রশিকা ভবন সংলগ্ন নূরানী মসজিদের কাছে ১০-১২ জনের একদল পিকেটার একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। এরপর আরেকটি বাস ভাংচুর হয় বাংলা কলেজের সামনে। জনসন রোড: সকাল ১০টার দিকে ঢাকা জেলা জজ আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে এক কনস্টেবল আহত হন। এর কিছুক্ষণ পর জনসন রোডের ঢাকা ন্যাশনাল হাসপাতালের গলিতে মালবাহী একটি পিকআপ ভানে আগুন দেয় পিকেটাররা। মোহাম্মদপুর: দুপুর ১২টার দিকে নূরজাহান রোডে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। চট্টগ্রাম: দুপুর সোয়া ১২টার দিকে নগরীর নূর আহম্মদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর হলে পুলিশ লাঠিপেটা করে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্তত ১০ জন আহত হন। ১৯ জনকে আটক করে পুলিশ। খুলনা: খালিশপুর এলাকায় বিএনপির মিছিলে যুবলীগকর্মীদের হামলায় আহত হন দুজন। দৌলতপুরে বিএনপি মিছিলে পুলিশ লাঠিপেটা করে। বিএল কলেজে পিকেটিংরত ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। কয়রায় বিএনপির কার্যালয়ে সরকার সমর্থকরা হামলা চালায়। ডুমুরিয়ায় বিএনপি মিছিলে লাঠি চালায় পুলিশ। রাজশাহী: সকাল ১১টার দিকে সাহেব বাজারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘাত বাঁধে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়। বিএনপির ৩ কর্মীকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জ: সকাল ৯টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে মিছিলে বাধা দেয় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় তিন পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। বন্দর থানা যুবদলের সম্পাদক সানোয়ার হোসেন ও যুবদল নেতা কাজী বাদলকে পুলিশ আটক করে। চাঁপাইনবাবগঞ্জ: সকাল ১১টার দিকে ভোলাহাটে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল হয়। মিছিলকারী দুই পক্ষের সংঘর্ষে আহত হয় ২০ জন। কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলা সদরে সকাল ৮টার দিকে পিকেটারদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আহত হয় ২০ জন। মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকলে পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে ফাঁকা গুলি ছোড়ে। পরে কিছু সময়ের জন্য বিএনপির কয়েকশ নেতাকর্মী পাকুন্দিয়া থানা ঘেরাও করে রাখে। ব্রাহ্মণবাড়িয়া: সকাল ৯টার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড়ে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হয়। চাঁদপুর: সকাল ১০টার দিকে জেলা শহরের চিত্রলেখা এলাকায় পিকেটিংরত ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলসহ ৩ জনকে আটক করে। নরসিংদী: শহরের আদালতপাড়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকেটিংয়ের চেষ্টা করলে ৫ জনকে আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৭৩৪ ঘ.