২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চ চলাচল স্বাভাবিক

বিএনপির ডাকা রোববারের হরতালে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 04:09 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা রোববারের হরতালে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। বিআইডাব্লিউটিএ এর ট্রাফিক ইনস্পেক্টর সৈয়দ মাহবুবুর রহমান মাফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত নির্ধারিত সবগুলো লঞ্চ ছেড়ে গেছে এবং এ সময়ের মধ্যে বিভিন্ন স্থান থেকে ৩৯টি লঞ্চ সদরঘাট পৌঁছেছে। তিনি জানান, সকালে চাঁদপুরের উদ্দেশে সোনার তরী-১, নিউ মেঘনা রানী, মিতালী-২ ও শরীয়া-১ ছেড়ে গেছে। শরীয়তপুরের পথে রওনা করেছে সুরেশ্বর-১ ও এমভি রিয়াজ-২ এবং বরিশালের মুলাদির উদ্দেশে ছেড়ে গেছে লামিয়া। এছাড়া স্বর্ণদ্বীপ-৪, ময়ূর-১ ও ময়ূর-২ দুপুর ২টার মধ্যে সদরঘাট ছেড়ে যাবে বলেও তিনি জানান। সদরঘাট নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লঞ্চ চলাচল ও যাত্রী আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে। কোনো বিশৃঙ্খলা হয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে প্রধান বিরোধী দলের দ্বিতীয় হরতাল এটি। প্রথমটি হয়েছিলো গত ২৭ জুন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতালের ডাক দেয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১০১১ ঘ.