২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওড়ান্দি রুটে পরিত্যক্ত চ্যানেল ফের চালু

ফেরি চলাচল স্বাভাবিক রাখতে মাওয়া-কাওড়ান্দি নৌ-রুটে পুরনো একটি পরিত্যক্ত চ্যানেল আবার চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 02:13 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরি চলাচল স্বাভাবিক রাখতে মাওয়া-কাওড়ান্দি নৌ-রুটে পুরনো একটি পরিত্যক্ত চ্যানেল আবার চালু করা হয়েছে। শনিবার এ চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়। ঈদকে সামনে রেখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে এ চ্যানেলটি চালু করে। এতে মাওয়ায় ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। আগে মাওয়া-কবুতরখোলা-কাউলিয়ার চর চ্যানেল হয়ে ১৭ কিলোমিটার নৌপথ অতিক্রম করে কাওড়াকান্দি পৌঁছতে যেতে সময় লাগত তিনঘণ্টা। এখন এই নতুন চ্যানেলে মাওয়া-লৌহজং-মাগুরখণ্ড-নওডুবা-কাওড়াকান্দির ১৮ কিলোমিটার যেতে সময় লাগবে তিনঘণ্টা ১০ মিনিট। এই বিকল্প চ্যানেলে ডুবোচরে আটকে ফেরি সার্ভিস বন্ধের আশঙ্কা কম বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায়। নতুন চ্যানেলটির পাশাপাশি বর্তমান চ্যানেলও সচল রাখা হবে। পারাপার দ্রুত হবে বলে জানান বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে মাওয়া-লৌহজং-মাগুরখণ্ড-নওডুবা-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল করছে। শুক্রবার ড্রেজিংয়ের পর শনিবার এ চ্যানেলে নতুন করে ফেরি চালাতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে ফেরি মাস্টারদের। নদীর তলদেশ ঘেঁষে ফেরিগুলোকে চলতে হচ্ছে। ফেরির প্রপেলার ঠেকে যাচ্ছে নদীর তলদেশে। বিআডব্লিউটিএ'র নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মাশুকুর রহমান বলেন, মাওয়া-লৌহজং-মাগুরখণ্ড-নাওডুবা-কাওড়াকান্দি নৌরুটের লৌহজং ও মাগুরখণ্ড চ্যানেলের মাঝামাঝি স্থানে কিছুটা পানি কম থাকায় শুক্রবার এখানে ড্রেজিং করে চ্যানেলটি ফেরি চলাচলের উপযোগী করে একপাশ ফেরি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তিনি জানান, চ্যানেলের আরেক পাশে ড্রেজিংয়ের কাজ চলছে। শিগগিরই এপাশও খুলে দেওয়া হবে। তিনি বলেন, ঈদের আগে আর চ্যানেলে সমস্যা হবার কথা নয়। চ্যানেলে জরিপের কাজ চলছে। শেষ হলে মাগুরখণ্ড ও কতুতরখোলার মধ্যে যেকোনো একটিকে সর্বক্ষণ সচল রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.