২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ বাংলাদেশে

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ান দুদিনের সফরে শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ান দুদিনের সফরে শনিবার বাংলাদেশে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যা ৬টায় তুর্কি এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত এম ভাজুর হরকুল, মন্ত্রিপরিষদ সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা তুরস্কের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন। তুরস্কের প্রধানমন্ত্রী ৮২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার স্ত্রী এমিনি এর্দোগানও তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। চলতি বছর ফেব্র"য়ারিতে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সফরের পর কোনো তুর্কি নেতার এটাই উচ্চ পর্যায়ের সফর। তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের সাবেক মেয়র রেসেপ ২০০৩ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান। তুরস্কের সংসদের সিংহভাগ আসন দলটির দখলে। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে তুরস্কের প্রধানমন্ত্রী রোববার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। তুরস্কের প্রধানমন্ত্রী শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন। এছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আগামীকাল তার সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবে। এর্দোগান দম্পতি রোববার নগরীর উত্তরায় টার্কিস হোপ ইন্টারন্যাশনাল স্কুলও পরিদর্শন করবেন। রোববার অপরাহ্নে তারা দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তুরস্কের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের নেতাদের আলোচনায় বিমান চলাচল ও দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি প্রাধান্য পাবে। এর্দোগানের এই সফরে দু'দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং আঙ্কারা ও তুরস্কে দূতাবাস স্থাপনে জমি বিনিময় চুক্তি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএউএম/পিডি/২১৩০ ঘ.