ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর ফটকে জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করে হটিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার সাড়ে ১২টার দিকে পুলিশ বিএনপি কর্মীদের লাঠিপেটা করলে ওই এলাকায় কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করলে কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এর পর বিএনপিকর্মীদের মহাখালীর দিতে হটিয়ে দেয় পুলিশ।
তবে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ কয়েকজন বিএনপি নেতা ফটকের সামনে আছেন।
খালেদা জিয়ার বাড়ি খালি করা হচ্ছে- এমন খবরে শনিবার সকাল থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মী জাহাঙ্গীর ফটকে জড়ো হন।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, মইনুল সড়কে খালেদার বাড়িতে অননুমোদিত ৬১ জন লোক ছিলো, যারা ওই বাড়ি ছেড়েছে।
বাড়ির দখল বুঝে নিতে ক্যান্টনমেন্ট বোর্ডের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জাহাঙ্গীর ফটকের বাইরে নির্মাণাধীন একটি ভবনের অস্থায়ী তথ্য কেন্দ্র থেকে আইএসপিআর একথা জানায়।
এদিকে বিএনপির এক নেতা জানিয়েছেন, ক্যান্টনবোর্ডের কর্মকর্তারা ওই বাড়িতে খালেদার সঙ্গে কথা বলছেন।
মইনুল সড়কের ওই বাড়ির সামনে দিয়ে সকাল ১১টায় যাওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদক দেখেছেন, ওই বাড়ির সামনে বেশ কয়েকটি জিপ দাঁড়িয়ে আছে। তাতে কিছু মালামালও তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ির সামনে রয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে খালেদার আইনজীবীদের অন্যতম সানাউল্লাহ মিয়া সেনানিবাস থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, "বাড়ির নিরাপত্তাকর্মীসহ সবাইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বাড়িটি র্যাব-পুলিশ ঘিরে রেখেছে।"
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের ৬নং বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বাড়ির ইজারা বাতিল করা হয়।
এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা হাইকোর্টে রিট আবেদন করেন। তবে তা খারিজ করে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেয় হাইকোর্ট।
সে সময় অতিক্রান্ত হওয়ার পর ক্যান্টনমেন্টে বোর্ড বাড়িটি খালি করার উদ্যোগ নিলো। অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন আপিলের আবেদন করেছেন। তার শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এলএইচ/এমআই/১৩০০ ঘ.
bdnews24