মুন্সীগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যানেলে আটকে পড়া ফেরি কাকলীকে উদ্ধার করার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
আট ঘণ্টা চেষ্টা চালিয়ে কাকলীকে উদ্ধার করার পর শুক্রবার রাত ২টার দিকে অপেক্ষমান ফেরিগুলো গন্তব্যে রওনা হয়।
ফেরি চলাচর শুরু হওয়ায় দুই ঘাটেই যানজট কমতে শুরু করে।
নাব্যতা সঙ্কটের কারণে কাকলী নৌ চ্যানেলে আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল ইসলাম শনিবার সকাল ৭টার দিকে জানান, মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যা পোনে ৬ টার দিকে ডুবো চরে আটকা পড়ে ফেরি কাকলী। কবুতর খোল-কাউলিয়ার চরের চ্যানেলের মুখে কাকলী আটকা পড়ায় পুরো ফেরি সার্ভিসই বন্ধ হয়ে যায়।
তিনি জানান, বিকল্প কোন চ্যানেল না থাকায় সরু এই চ্যানেল দিয়ে অন্য ফেরিগুলো চালানো সম্ভব হয়নি।
উদ্ধারকারী জাহাজ ফেরিটি উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে সফল হয় রাত ১টা ৩৫ মিনিটের দিকে। উদ্ধার হওয়ার পর ফেরিটি সরিয়ে নিলে চ্যানেল খালি হয় রাত ২টার দিকে। এরপরই ফেরি সার্ভিস চালু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১১২ ঘ.
bdnews24