২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণকারীর বিচার দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে কিশোরী ধর্ষণের প্রায় দু'মাস পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 04:41 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

বাগেরহাট, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে কিশোরী ধর্ষণের প্রায় দু'মাস পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুক্রবার দুপুরে মেয়েটির রিকশাচালক ভাই বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্ষণকারীর গ্রেপ্তার ও বিচার দাবি করেন। গত ১৮ সেপ্টেম্বর বাগেরহাটের কচুয়া উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের ওই মেয়েটিকে (১৩) ধর্ষণের অভিযোগ আনা হয় একই গ্রামের নওশের শেখের ছেলে মো. তরিকুল শেখের (২২) বিরুদ্ধে। তরিকুল বাগেরহাট সরকারি পিসি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র। ২৩ সেপ্টেম্বর মহিলা পরিষদের সহায়তায় কচুয়া থানায় তরিকুল শেখের বিরুদ্ধে একটি মামলা করা হয়। আসামি তরিকুল ও তার পরিবারের সদস্যদের হুমকি ও চাপের কারণে তিনি মা, বোন, স্ত্রী ও সন্তানকে নিয়ে তার ভাই গ্রাম ছেড়ে বাগেরহাট শহরে আশ্রয় নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর সকালে তাদের তরিকুল শেখ কাপড় ধোয়ার কথা বলে তার বোনকে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের নামে তার বোনের ডাক্তারি পরীক্ষা কিংবা মামলা করতে বারণ করেন। এর পাঁচদিন পর লুকিয়ে তার বোনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করান এবং জেলা মহিলা পরিষদের সহায়তায় ২৩ সেপ্টেম্বর কচুয়া থানায় তরিকুলকে আসামী করে মামলা করেন। তিনি অভিযোগ করেন, তরিকুল ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে বলছে এবং প্রতিদিন হুমকি দিয়ে আসছে। তরিকুলের পরিবার প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে মেয়েটির ভাই অভিযোগ করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা কচুয়ার গজালিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মাহাবুব আলম এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তে ঘটনার সত্যতা পওয়া গেছে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। আসামি গ্রেপ্তার না করার ব্যাপারে তিনি বলেন, তাকে আটক করার জন্য কয়েকবার বাড়িতে তল্লাশি করা হয়েছে। কিন্তু এলাকায় না থাকায় তাকে আটক করা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার মেয়েটি ও তার মাসহ বাগেরহাট জেলা মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা রহমান, সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, সদস্য উর্মিলা পাল ও জোবেদা বেগম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.