ঝিনাইদহ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চরমপন্থী সংগঠন হিসেবে পরিচিত সর্বহারা পার্টির নেতা পরিচয়ে ঝিনাইদহে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
গত এক সপ্তাহে ঝিনাইদহ সদর থানায় এই সংক্রান্ত আটটি অভিযোগ এসেছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগকারীরা জানিয়েছেন, সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে মহিউদ্দীন শিকদার নামে এক ব্যক্তি শহরের বিভিন্ন পেশার কয়েক ব্যক্তির কাছে মোবাইল ও ল্যান্ডফোনে চাঁদা দাবি করছেন।
এই চাঁদাবাজের উৎপাতে চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী, বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাসহ ভুক্তভোগীরা আতঙ্কিত।
ঝিনাইদহ সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফিরোজা কুলসুম সাংবাদিকদের জানান, সদর থানায় এই পর্যন্ত মহিউদ্দীন শিকদার নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আটটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
ঝিনাইদহের সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, শিশুকুঞ্জ নামের একটি বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা রানী, কুষ্টিয়া সদর হাসপাতালে সার্জারি বিভাগের প্রধান ডা. আব্দুল লতিফ, কুষ্টিয়া ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি খন্দকার হাফিজ ফারুক, মো. আব্দুর রশিদ খান, সাংবাদিক ইসলাম উদ্দীন জিডি করেছেন।
পুলিশ জানিয়েছে. ডা. রেজাউল করিম বেনু, ডা. রাকিবসহ অন্তত ১৫ জন চিকিৎসকের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলেও তারা অভিযোগ পেয়েছেন।
এছাড়া জেলার দুজন জ্যেষ্ঠ সাংবাদিকের কাছে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম জানান, যশোরের কোন চক্র এই কাজ করছে। তবে তিনি এটিকে 'ভোগাস' বলে উল্লেখ করেন।
তিনি জানান, বিষয়টি তদন্ত করে কথিত চাঁদাবাজ মহিউদ্দীনকে ধরার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24