ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে ব্যক্তিমালিকানাধীন একটি ছাত্রীনিবাসে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। ওই ছাত্রীর বান্ধবীও কীটনাশক পান করেন, তবে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
কেয়া-প্রিয়া নামে ওই হোস্টেলে বৃহস্পতিবার রাতে দুই ছাত্রী কীটনাশক পান করেন। পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে তারা এ কাজ করেছে।
দুই বান্ধবী তারানা শিরিন জেনি (১৮) ও তানিয়া সুলতানা তানিসা (১৮) কে শুক্রবার ভোরে তাদের কক্ষ থেকে উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৬টায় জেনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।
জেনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং তানিসা মির্জা আব্বাস ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
তানিয়াকে সফেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টার দিকে তার জ্ঞান ফেরে বলে হাসপাতালের নির্বাহী পরিচালক মোনয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মোনয়ার বলেন, "ডাক্তাররা বলেছেন, জ্ঞান ফিরলেও তানিয়াকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে।"
রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই ছাত্রী প্রেমঘটিত কারণে আত্মহত্যার জন্যই কীটনাশক খেয়েছিলো বলে ধারণা করছি। এ বিষয়ে তদন্তে আরো জানা যাবে।"
রমনা থানার উপপরিদর্শক মো. জাফর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।
ওই বাড়ি থেকে দুই ছাত্রীর দুটি দিনপঞ্জী (ডায়েরি) এবং তিনিটি কীটনাশকের বোতল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসআইটি/এমআই/১৯৫৭ ঘ.
bdnews24