২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাচপুরে পাটকলে আগুন, আহত ৫

নারায়ণগঞ্জের কাচপুর শিল্পাঞ্চলের নবাব আবদুল মালেক পাটকলে আগুনে লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পাটকলটিতে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের কাচপুর শিল্পাঞ্চলের নবাব আবদুল মালেক পাটকলে আগুনে লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে পাটকলটিতে আগুন লাগে। দমকল কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন। স্থানীয়রা জানায়, আগুনের কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে আহত হয় পাঁচ শ্রমিক। ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের দুটি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাটকলের শ্রমিক ও স্থানীয়রা জানায়, পাটকলের এক নম্বর ফিনিশিং বিভাগে দুপুর ২টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই পাটকলে প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক কাজ করে। তারা কারখানার নিজস্ব অগ্নিনিবার্পন সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতায় অসহায় হয়ে পড়ে তারা। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। আগুন এক নম্বর মিল থেকে দুই নম্বর ও তিন নম্বর মিল পর্যন্ত বিস্তৃত হয়। তিনটি গুদামের বিপুল পরিমাণ পাট পুড়ে যায়। দুপুর আড়াইটার দিকে ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে এক পর্যায়ে যোগ দেয় নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে বিভিন্নবাবে আহত হয়েছে পাঁচ শ্রমিক। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কারখানাটির শ্রমিক আব্দুল জব্বার জানান, এক নম্বর মিল থেকে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ভয়াবহ রূপ নিলে ভীতসন্ত্রস্ত হয়ে অনেক শ্রমিক এদিক ওদিক ছোটাছুটি করে। তিনি জানান, কারখানার আগুন নেভানোর সরঞ্জাম ব্যবহার করা হলেও আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। ডেমরা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আগুনে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। ১১টি ব্রেক কার্ড মেশিনের মধ্যে ৫টি পুরোপুরি পুড়ে গেছে। আংশিক পুড়েছে ৬টি। দমকল কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পাটকলটির মালিক আহামদ হোসেনের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। পাটকলটির সহকারী মহা-ব্যবস্থাপক আতাউর রহমান সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুরো ক্ষয়ক্ষতির হিসাব এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, তাদের ৭ হাজার মণ বা আড়াইশ' টন পাট পুড়ে গেছে। প্রতি মণ পাটের মূল্য তিন হাজার টাকা। সেই হিসেবে পাটের মূল্য ২ কোটি ১০ হাজার টাকা। এছাড়া ১১টি ব্রেক কার্ড মেশিন ও গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী জানান, কী কারণে আগুন লেগেছে, নিছক দুর্ঘটনা কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মালিকপক্ষ এখনো কোনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.