লালমনিরহাট, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পরশ বৃহস্পতিবার খুন হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার জেলায় হরতাল ডেকেছে বিএনপি।
মেহেদি হত্যাকাণ্ডের পর তার ভাই একটি মামলা করেছেন। সে মামলায়ই বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের লিচুবাগান এলাকার বাবলু (২৫), উচাটারী এলাকার শাকিল (২৭) এবং সাপটানা এলাকার অপিয়ার রহমান(২৫)।
সদর থানার উপপরিদর্শক মাহবুব শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৬ ঘ.
bdnews24