চাঁদপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে জাহাজের আট কর্মচারী।
বৃহস্পতিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাহাজের মাস্টার।
পুলিশ বলেছে, তারা ঘটনাটি শুনেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আহত জাহাজের মাস্টার জালাল আহমেদ সাংবাদিকদের জানান, এমভি ডেফোডিল নামের জাহাজটি বালু নিয়ে সুনামগঞ্জ থেকে পিরোজপুর যাচ্ছিলো।
রাত ৭টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা অতিক্রম করার সময় ১০/১২ জনের একদল ডাকাত ট্রলারে করে এসে জাহাজে হানা দেয়।
জালাল জানান, ডাকাতরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জাহাজের কর্মচারীদের ওপর হামলা চালায়। তারা প্রায় ৩০ হাজার টাকা, চারটি মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
তিনি জানান, জাহাজে মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে জাহাজের গ্রিজার মো. আব্দুল (২৮) ইঞ্জিনরুমে থাকায় তিনি হামলা থেকে বেঁচে যান।
আহত অন্যরা হলেন- চালক জয়নাল আবেদীন (৩৬), বাবুর্চি দেলোয়ার (২৪), লস্কর সাহাদাত (২২), মো. আলতাফ (২১), আব্দুর রহিম (২৪), সুপারিনটেনডেন্ট নুরুল হুদা (৩৪) ও সুকানি রাজিব (২৪)।
এদের মধ্যে গুরুতর আহত বাবুর্চি দেলোয়ারকে কুমিল্লা পাঠানো হয়েছে। বাকিরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তাদের বাড়ি চট্টগ্রামের মিরশরাইয় ও নোয়াখালীর হাতিয়া এলাকায়।
মতলব উত্তর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এনায়েত উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এই ধরনের একটি খবর শুনেছি। তবে এই ঘটনায় ফাঁড়িতে কোনো ধরনের অভিযোগ করা হয়নি।"
খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন।
তিনি বলেন, ডাকাতের হামলায় আহতদের সঙ্গে কথা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫০ ঘ.
bdnews24