নারায়ণগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালাউদ্দিন ভূঁইয়া ওরফে শাজাহান নামে একজন মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের ৩৩ বছর পর মামলা হয়েছে।
শাজাহানের মা খোরশেদা বেগম বাদি হয়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে তারাবো পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ভূঁইয়া ও একই এলাকার আলী জহুরীকে।
ফিরোজ ভূঁইয়া প্রায় এক যুগ ধরে তারাবো পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহারে ফিরোজ ভূঁইয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
শুনানি শেষে হাকিম আব্দুল কুদ্দুস আগামী ১৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য রূপগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, ১৯৭৭ সালের ২৬ ডিসেম্বর রাত ৮টার দিকে সালাউদ্দিন ভূঁইয়া ওরফে শাজাহান ভাত খাওয়ার সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ফিরোজ ভূঁইয়া ও আল জহরী।
ঘটনার সময়ে শাজাহানের বয়স ছিল ২২ বছর। তিনি তখন জনতা ব্যাংকের চাকরিরত। ওই রাতের পর থেকে শাজাহান নিখোঁজ ছিলেন।
পাঁচদিন পর ৩১ ডিসেম্বর সকাল ১১টার দিকে রূপগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়।
নিহতের মা খোরশেদা বেগমের অভিযোগ, ফিরোজ ভূঁইয়া ও আলী জহুরী মিলেই শাজাহানকে হত্যা করেছে।
লাশ উদ্ধারের পর থানায় হত্যা মামলা করতে গেলে থনা পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করা হয় আর্জিতে।
দুই আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড, যুদ্ধাপরাধ, রাজাকার এবং তৎকালীন পাকিস্তান সরকারকে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদি খোরশেদা বেগম (৭২) রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার মৃত আলাউদ্দিন ভূঁইয়ার স্ত্রী।
খোরশেদার ছেলে সালাউদ্দিন ভূঁইয়া ওরফে শাহজাহান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন।
তার মুক্তিযুদ্ধের সনদ অনুযায়ী দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন তিনি।
মামলা দায়েরের সময় আদালতে বাদির পক্ষে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান দিপু ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।
জেলা আইনজীবি সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু সাংবাদিকদের বলেন, তিনি বাদীপক্ষের আইনজীবীকে সহযোগিতা করেছেন। প্রতিদিন এরকম অনেক মামলাই সহযোগিতা করেন তিনি। এটি একটি হত্যা মামলা।
তিনি আরো বলেন, ফিরোজ ভূঁইয়া যুদ্ধাপরাধী ছিলেন কি না- সেটা তার জানা নেই।
এদিকে মামলার আসামি ফিরোজ ভূঁইয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ সর্ম্পকে বলেন, মামলার বাদি তার মামী। নিহত শাজাহান তার মামাতো ভাই।
ফিরোজের দাবি, তার বিরুদ্ধে মামলাটি ষড়যন্ত্রমূলক। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। তার বাবা এলাকায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
২০০৭ সালের জমি নিয়ে বাদির সঙ্গে তার মামলা হয়। ওই মামলায় আদালত তার পক্ষে রায় দেয়। পরে আদালত ওই জমি তাকে বুঝিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24