নারায়ণগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ইটভাটার জন্য জমি চেয়ে না পেয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তাড়াইল এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- উপজেলার পাইস্কা গ্রামের মুক্তিযোদ্ধা কাজী মোতাহার হোসেন, তার ভাই সোহাগ ও সহিদুল কাজী।
তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মুনসেফ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটভাটা তৈরির জন্য কাজী মোতাহারের কাছে ৪৮ শতাংশ কৃষি জমি চায় তাড়াইল এলাকার আলিমউদ্দিন ও মোস্তফা।
তিনি দিতে না চাইলে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত মোতাহার ও সোহাগকে কুপিয়ে জখম করে।
এ সময় সহিদুল এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এরপর দুর্বত্তরা মোতাহারের এক বিঘা জমির ধইঞ্চা কেটে নিয়ে যায়।
এসআই জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24