২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইপি বাস্তবায়নে ইউএসএআইডি'র সাহায্য চাইলো সরকার

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশীয় বিনিয়োগ পরিকল্পনা (কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান-সিআইপি) বাস্তবায়নে ইউএসএআইডি'র কাছে ৫০ হাজার কোটি টাকা (সাত বিলিয়ন মার্কিন ডলার) অর্থ সহায়তা চেয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশীয় বিনিয়োগ পরিকল্পনা (কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান-সিআইপি) বাস্তবায়নে ইউএসএআইডি'র কাছে ৫০ হাজার কোটি টাকা (সাত বিলিয়ন মার্কিন ডলার) অর্থ সহায়তা চেয়েছে সরকার। ইউএইএআইডি'র সফররত সহকারী প্রশাসক নিশা দেশাই বিশওয়াল বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আর্থিক সহায়তা চান। পরে মন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদেও ব্রিফ করেন। আব্দুর রাজ্জাক জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সিআইপি বাস্তবায়নে ইউএসএআইডি'র সহায়তা চাওয়া হয়েছে। বাংলাদেশের সিআইপি সম্পর্কে ইউএইএআইডি'র কর্মকর্তাকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যে সিআইপি প্রণয়ন করেছে, তা বাস্তবায়নে ১০ বিলিয়ন মার্কিন ডলার (৭০ হাজার কোটি টাকা) প্রয়োজন। স্থানীয়ভাবে মাত্র তিন বিলিয়ন ডলার (২১ হাজার কোটি টাকা) বিনিয়োগ করা সম্ভব হবে। বাকীটা বিভিন্নভাবে সহায়তা থেকে সংগ্রহ করতে হবে। মন্ত্রী সিআইপি বাস্তবায়নের ইউএসএআইডি'র সহায়তা কামনা করে বলেন, সংস্থাটি '৬০এর দশক থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখা ও খাদ্য নিরাপত্তা খাতে বিনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইউএইএআইডি'র সহকারী প্রশাসক নিশা দেশাই বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং প্রত্যাশিত আর্থিক সহায়তার পরিমাণ আরো কমিয়ে আনার অনুরোধ করেন। জবাবে আব্দুর রাজ্জাক ইউএসএআইডি প্রশাসককে জানান, বাংলাদেশ গুরুত্ব বিবেচনায় সুনির্দিষ্ট ১২টি খাতকে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের জন্য বিনিয়োগ পরিকল্পনার আওতায় এনেছে। এর মধ্যে রয়েছে- খাদ্য উৎপাদন বাড়াতে উপকূলীয় ও লবণাক্ত জমিতে চাষের ব্যবস্থা, কৃষি উৎপাদন, পুষ্টি নিশ্চিত, পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা, পশুপালন ও মাছের চাষ, গুদামজাত ও সংরক্ষণ এবং উৎপাদিত কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ। এসব বিষয় নিশ্চিত করা গেলে বাংলাদেশ স্বল্প সময়ের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আব্দুর রাজ্জাক জানান। ইউএসএআইডি'র মিশন প্রধান ডেনিস রলিনস বলেন, সংস্থাটি বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এজন্য বাংলাদেশকেও তারা বেশি গুরুত্ব দিচ্ছে। এদেশের মানুষ প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সরকার তাদের রক্ষায় পদক্ষেপ নিয়েছে। ইউএসএআইডিও এর অংশীদার হতে চায়। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৪৩ ঘ.