২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাপ দিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী। নগরীর এনায়েত বাজার এলাকার বাসিন্দা শচীন্দ্র লাল দে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ ইনামুল হক ভূঁইয়ার আদালতে এ মামলা করেন। আদালত দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে। চট্টগ্রাম নগরীর খুলশী থানার সাবেক ওসি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইফতেখার হাসান এবং খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আনসারুল করিমের বিরুদ্ধে শচীন্দ্র'র অভিযোগ। এজাহারে বলা হয়, গত ২৯ অক্টোবর ইফতেখার থানায় শচীন্দ্র লালকে ডেকে নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাৎক্ষণিকভাবে শচীন্দ্র ১২ হাজার টাকা দিয়ে সেখান থেকে মুক্ত হন। ওই টাকা থানার এসআই আনসারুলের মাধ্যমে ইফতেখার হাসান নেন। বাদিপক্ষের আইনজীবী ও দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি, সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জোর করে সাধারণ মানুষকে আটকে রেখে চাঁদা নেওয়ার অভিযোগ এনে দণ্ডবিধি ১৬১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা করা হয়। তিনি জানান, ঘটনা তদন্ত করে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেয়ার জন্য দুদককে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ব্যবসায়ী শচীন্দ্র লাল দে'কে ইফতেখার হাসান বিভিন্ন সময়ে থানায় ডেকে নিয়ে হয়রানি করেন এবং টাকা দাবি করেন। এ ঘটনার প্রতিকার চেয়ে শচীন্দ্র মহানগর পুলিশ কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন জানান। সে ঘটনার জের ধরে তাকে ২৯ অক্টোবর খুলশী থানায় ডেকে নিয়ে আটকে রেখে টাকা নেওয়া হয় বলে মামলার অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এমআই/১৬৫৫ ঘ.