জামালপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা নিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে সাত পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশের তিনজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার কাজাইকাটা গ্রামে বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ সময় এক আসামিকে গ্রামবাসী ছিনিয়ে নেয়। তখন পুলিশ শটগানের গুলি চালায়।
জামালপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মেলান্দহ থানা পুলিশ কাজাইকাটা গ্রামের পরোয়ানাভুক্ত আসামি আমজাদ হোসেন মোল্লা ও তার ছেলে বাবুল মোল্লাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, "এরপর বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পুলিশ আসামিদের নিয়ে রওনা করে। পথে কাজাইকাটা এলাকায় নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় ৪-৫শ' গ্রামবাসী তাদের ঘেরাও করে হামলা চালায়। এসময় তারা আমজাদ মোল্লাকে ছিনিয়ে নেয়। তখন পুলিশ শটগানের গুলি চালায় ও লাঠিপেটা করে।
"এতে চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন গ্রামবাসী আহত হয়। অন্যদিকে গ্রামবাসীর হামলায় মেলান্দহ থানার তিন এএসআইসহ পুলিশের সাত সদস্য আহত হয়।"
মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, গ্রামবাসীর হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে থানার এএসআই শুভ্র সাহা, খায়রুল ইসলাম, ও জহুরুল হক এবং হাবিলদার আলমাস, কনস্টেবল চাঁন মিয়া, মনিরুজ্জামান ও ইলিয়াস আহত হয়েছে।
গুরুতর আহত শুভ্র সাহা ও চাঁন মিয়াকে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, কাজাইকাটা গ্রামের আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে দুইটি এবং তার ছেলে বাবুল মোল্লার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তারা ছাড়াও কাজাইকাটা গ্রামে ৪৭টি মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।
পুলিশের গুলিতে আহত আমজাদ হোসেন মোল্লা (৬০), তার ছেলে আবু সাঈদ (১৮) ও ছানোয়ার হোসেন (২৫), অপর ছেলে গ্রেপ্তার বাবুলের স্ত্রী আলেমা বেগম (২৮) জামালপুর সদর হাসতাপালে ভর্তি রয়েছে।
সেখানে তাদের ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাজ্জাক।
ওদিকে, বাবুলের স্ত্রী আলেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তাদের ভাতিজা ১৩ বছরের শিশু রাশেদও গুলিবিদ্ধ হয়েছে। সে ইসলামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়েছে।
ওসি আরো জানান, গ্রেপ্তার বাবুলকে মেলান্দহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪১৫ ঘ.
bdnews24