২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর নয়াবাজার এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ছয় লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 07:17 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াবাজার এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ছয় লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ১১টার দিকে নবাব ইউসুফ রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী আব্দুর রশিদকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কোমার ও পায়ে গুলি লাগে। আব্দুর রশিদের বন্ধু শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উষা স্টিল নামের একটি দোকানের মালিক রশিদ রাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথে তিন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তারা দুইটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। তার ব্যাগে ছয় লাখ ৬৫ হাজার টাকা ছিল বলে শফিকুর ইসলাম জানান। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/০১০৮ ঘ.