ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডর ও আইলা ক্ষতিগ্রস্ত এলাকায় অর্থ সহায়তা বাড়িয়ে দেড়গুণ করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অতিরিক্ত এক কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ রাখতে বলা হয়েছে।
সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে বুধবার বিকালে এর সদস্য আবদুল মোমিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।
মোমিন তালুকদার বলেন, "উপকূলীয় অঞ্চলের (সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত) দুর্যোগ ও ঝুকিপূর্ণ এলাকায় সরকারের বিভিন্ন ধরনের ভাতা ও অর্থ সহায়তা দেড়গুণ করার লক্ষ্যে ২০১০-২০১১ অর্থবছরের সংশোধিত বাজেটে অতিরিক্ত ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম জানান, সংশোধিত বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তাব সমাজ সেবা অধিদপ্তর থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর তা অনুমোদনের জন্য অর্থমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম, আ ক ম বাহাউদ্দিন, চেমন আরা বেগম এবং মাহজাবীন মোরশেদ বৈঠকে অংশ নেন।
বৈঠকে চট্রগ্রামের মা ও শিশু হাসপাতালের কথিত অনিয়ম তদন্তে গঠিত তিন সদস্যের উপ-কমিটি হাসপাতালে গিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির পরবর্তী বৈঠকে এ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান মোমিন তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৫২ ঘ.
bdnews24