কুমিল্লা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন কুমিল্লার দুই সাংবাদিক।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর চৌমুহনীতে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের স্থানীয় শাখার কর্মী বলে এলাকাবাসী জানিয়েছে।
আহতরা হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল ইসলামিক টেলিভিশন ও ফোকাস বাংলার কুমিল্লা প্রতিনিধি ওমর ফারুকী তাপস, স্থানীয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার ফটোসাংবাদিক বাহার রায়হান।
তাদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কুমিল্লার কোটবাড়ী সড়কের পাশে ধনপুর চৌহমুনী এলাকার এক একর জমির প্রাচীন বৈরাগী দিঘি ভরাট করেছিলেন মঠপুস্করণী এলাকার শাকিল আহমেদ হিমু।
এই দিঘির পানিতে এলাকার কয়েক হাজার মানুষ দৈনন্দিন নানা কাজকর্ম করেন। এছাড়া পাশের মসজিদের মুসল্লিরা নামাজের জন্য অজু করে থাকেন।
দিঘিটি ভরাটের খবর পেয়ে ইসলামিক টেলিভিশনের প্রতিনিধি ওমর ফারুকী তাপস, দৈনিক রূপসী বাংলা পত্রিকার ফটোসাংবাদিক বাহার রায়হান ঘটনাস্থলে যান।
তারা দিঘি ভরাটের ছবি তুলছিলেন এবং দৃশ্য ধারণ করছিলেন। এ সময় শাকিলের নেতৃত্বে একদল লোক লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা দুই সাংবাদিককে মারধর করে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরপর তাদের একটি ঘরে আটকে রাখা হয়।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।
আহত সাংবাদিক ওমর ফারুকী তাপস জানান, হামলাকারীরা তাদের মোবাইল ফোনসেট, ক্যামেরা ও মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।
হামলার কথা স্বীকার করে শাকিল বলেন, "আমার দিঘি আমি ভরাট করছিলাম, তারা আমার অনুমতি না নিয়ে দিঘি ভরাটের দৃশ্য ধারণ করছিলেন।"
তিনি বলেন, "আমার দিঘি আমি ভরাট করব তাতে তাদের কি?"
জলাশয় আইনে পুকুর, দিঘি ভরাট বা কোনো ধরনের পরিবর্তনের ওপর বিধিনিষেধ রয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ সদর হাসপাতাল ও ঘটনাস্থলে যায়।
তবে হামলাকারী শাকিলকে গ্রেপ্তার করতে পারেনি।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, পুলিশ হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান জানান, ব্যক্তি মালিকানার ওই দিঘিটি কিভাবে ভরাট হচ্ছে তা প্রশাসন খতিয়ে দেখছে। কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজুল ইসলাম বলেন, প্রশাসন দিঘিটি ভরাটের বিষয়ে মামলা করেছে। এ ব্যাপারে সহকারী ভূমি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে কুমিল্লা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী ও জেলা যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে যান।
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারও দাবি করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24