শেরপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের তিন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে সাদা পোশাকের কয়েকজন লোক।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এরা হলেন- বাকাকুড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আলমগীর (২৩) ও ঝিনাইগাতী গ্রামের টেম্পু চালক আল-আমীন (২৫)। অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি।
রাতে তারা তিনজন আলমগীরের বাড়িতে ছিলেন বলে এলাকাবাসী জানায়। তাদের কারা নিয়ে গেছে এ ব্যাপারে পুলিশ বা এলাকাবাসী কিছু বলতে পারেনি। তবে তারা ওই গ্রামের কেউ নয় বলে এলাকাবাসী জানিয়েছে।
উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আনার উল্লাহ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দুইটি সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মাইক্রোবাসে সাদা পোশাকের একদল লোক গ্রামের এসে তিনজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহরণকারীরা ভারত থেকে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা এবং কেন তাদের ধরে নিয়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইগাতী থানার ওসি আব্দুর রব প্রধান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান বলেন, কে বা কারা এই তিনজনে ধরে নিয়ে গেছে তা জানা যায়নি। তবে জেলার কিংবা পাশের জেলা জামালপুরের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেয়নি এটা নিশ্চিত হওয়া গেছে।
তাদের খোঁজে পুলিশের তৎপরতা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.
bdnews24