২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ার ৩ কারখানায় শ্রমিক অসন্তোষ

বেতন-ভাতা ও ঈদের ছুটিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

সাভার, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন-ভাতা ও ঈদের ছুটিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকার 'কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (সিআইপিএল), জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গামের্ন্টস ও এস-সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানায় এই ঘটনা ঘটে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানায়, সকাল ৮টার দিকে খেজুর বাগান এলাকায় ভারতীয় নাগরিকের মালিকানাধীন কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (সিআইপিএল) প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়। পরে শ্রমিকদের মধ্যে কয়েকজন কর্তৃপক্ষের কাছে ঈদের ছুটি সাতদিনের পরিবর্তে আটদিন করার দাবি জানায়। এছাড়া চলতি মাসের অর্ধেক বেতন দাবি করে। দাবি না মানলে তারা কঠোর আন্দোলনের হুমকি দেয়। ওসি আরো জানান, শ্রমিকরা কর্মবিরতির পাশাপাশি কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (্এসআই) শামসুল হক জানান, কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ'র কর্মকর্তা মোহাম্মদ বাহারউদ্দিন, শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শক আব্দুল আজিজসহ কারখানার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। কারখানার মানবসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধি ও বিজিএমইএ-এর সঙ্গে আলোচনা করে দাবি-দাওয়ার বিষয়টি সমাধান করেছে। তিনি বলেন, শ্রমিকরা যে দাবি তুলেছে তা অযৌক্তিক। তবুও কর্তৃপক্ষ তাদের দাবি অনুযায়ী ঈদের ছুটি আটদিন করেছে। এছাড়া পরে বাড়তি কাজ করে দেওয়ার শর্তে ঈদ উপলক্ষে সহকারীদের ৯০০ এবং অপারেটরদের ১২০০ টাকা অগ্রিম দেওয়া হচ্ছে। শ্রমিকরা এই প্রস্তাব মেনে নিয়ে বিকাল ৪টার দিকে কাজে যোগ দিয়েছে বলে মানবসম্পদ কর্মকর্তা জানান। আশুলিয়া থানার ওসি জানান, জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গামের্ন্টস কারখানার প্রায় ১৫শ' শ্রমিক মজুরি বাড়ানোসহ সাতদফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা শান্ত হয়। পরে দুপুর ২টার দিকে শ্রমিকরা চলে যায়। কারখানার মহাব্যবস্থাপক মি. লরেন জানান, শ্রমিকদের সঙ্গে সমঝোতা হয়েছে। তাদের ন্যূনতম মজুরি ১৬৬২ টাকা থেকে বাড়িয়ে ২২৩০ টাকা করা হয়েছে। শ্রমিকদের অন্য দাবিও মেনে নেওয়া হয়েছে বলে লরেন জানান। তিনি জানান, কারখানা মঙ্গলবারের মতো ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা দুপুর ২টার দিকে কারখানা ত্যাগ করেছে। এস-সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় আড়াই হাজার শ্রমিক বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করে। তাদের কর্মবিরতি বিকাল ৪টা পর্যন্ত চলছিলো বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি জানান, কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.