ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বর্জ্য (স্পেন্ট ফুয়েল) জ্বালানি সরবরাহকারী দেশ রাশিয়াকেই নিতে বলতে হবে।
এ প্রকল্পের কারিগরি কমিটি এ মত দিয়েছে জানিয়ে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, "পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের অভিজ্ঞতা নেই। এ বর্জ্য আমাদের জন্য হুমকির কারণ হতে পারে। তাই পারমাণবিক জ্বালানি সরবরহকারী দেশকেই বর্জ্য ফেরত নিতে হবে।"
এর আগে সচিবালয়ে কারিগরি কমিটির এক সভা হয়। কমিটির সভাপতি ইয়াফেস ওসমান এতে সভাপতিত্ব করেন।
তিনি জানান, কারিগরি কমিটির সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চতর কমিটির কাছে পাঠানো হবে। এরপর তা মন্ত্রিপরিষদ সভায় উঠবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী ২০১৭ সালে একটি ১০০০ মেগাওয়াট ও ২০১৮ সালে আরো একটি ১০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করে সেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ আনার লক্ষ্য সরকারের রয়েছে।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতা ও একটি কাঠামোগত চুক্তি হয়েছে। আরেকটি চুক্তি প্রায় চুড়ান্ত।
কবে নাগাদ এ প্রকল্পের কাজ শুরু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান সরকারের মেয়াদেই আমরা প্রকল্পের কাজ শুরু করে দিয়ে যাবো।"
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের জীবনকাল তথা চালু হওয়ার পরবর্তী ৮০ বছর পর্যন্ত জ্বালানিও সরবরাহ করবে রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৭২৫ ঘ.
bdnews24