পঞ্চগড়, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে অভ্যন্তরে ভারতের গারাতি ছিটমহল পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা বলবীর সিং।
সোমবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি ছিটমহল এলাকা পরিদর্শন করেন।
এদিকে ছিটমহলের বাসিন্দাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রোববার রাতে পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।
গত ১৬ অক্টোবর রমজান মেকার নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নসহ আশপাশের তিনটি ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষ গারাতি ছিটমহলে হামলা করে প্রায় দুশ' ঘরবাড়ি পুড়িয়ে দেয়।
ছিটমহলটি হাড়িভাষা ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার ছিটমহল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতীয় কর্মকর্তা বলবীর সিং ছিটমহলের ক্ষতিগ্রস্ত লোকজনের বাড়িতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, "ছিটমহলে হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার।"
এসময় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদার রহমান ও হাড়িভাষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা তিনজন হলেন- হাড়িভাষা ইউনিয়নের গইছপাড়া গ্রামের রফিকুল ইসলাম, পাইকানিপাড়া গ্রামের ওসমান গণি ও আমিরুল ইসলাম।
এদের মধ্যে আমিরুলকে দিনাজপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিটমহলে অগ্নিসংযোগ ও হামলা এবং পুলিশের কাজে বাধা দানের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।"
রফিকুল ও ওসমান গণিকে জিজ্ঞাসাবাদের জন্য মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তিন দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করা হয়েছে।
এ আবেদনের শুনানি না করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24