কিশোরগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের কালিয়াচাপড়া চিনিকল চালুর দাবি জানিয়েছে স্থানীয় একটি নাগরিক কমিটি।
এই দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে কিশোরগঞ্জ সর্বদলীয় সংগ্রাম পরিষদ।
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পুলেরঘাট এলাকায় অবস্থিত কালিয়াচাপড়া চিনিকলের সামনে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়।
দুই ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচিতে এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেয়। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে।
মানববন্ধন শেষে সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুল্লাহ জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- পরিষদের সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতারা।
সমাবেশে মিল চালুসহ অন্যান্য দাবিতে আগামী ২০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিক্ষোভ মিছিল এবং সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
এরপরও দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন বক্তারা।
কালিয়াচাপড়া চিনিকলটি স্থাপিত হয় ১৯৬৫ সালে। মিলটিকে অলাভজনক দেখিয়ে ১৯৯৪ সালে লে-অফ এবং পরবর্তীতে নিটল গ্র"পের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের পর নিটল সুগার মিল নামকরণ করা হলেও তা চালু হয়নি।
সমাবেশে বক্তারা নিটল সুগার মিল নাম পরিবর্তন করে পুরনো নাম কালিয়াচাপড়া চিনিকল হিসাবে মিলটি সরকারি ব্যবস্থাপনায় চালুর দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24