ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শনির আখড়ায় রোববার রাতে প্যাকেজিং কারখানায় লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা।
ফায়ার অপারেটর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে।
রাত ১২টা ৪০মিনিটে আগুন লাগার পর দমকলের ছয়টি ইউনিট তা নেভানোর কাজ শুরু করে বলে জানিয়েছেন দমকলের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশীদ।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ফায়ার অপারেটর নজরুল ইসলাম জানান, শ্যামপুরের ৪৬৭ নং দক্ষিণ দনিয়ায় এসএস এন্টারপ্রাইজ ও মারুফ প্যাকেজিং নামের প্যাকেজিং কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্ণমালা স্কুল এন্ড কলেজের পেছনে অবস্থিত এই প্যাকেজিং কারখানায় কাগজের মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১১০০ ঘ.
bdnews24