২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গাড়ি ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ৪

গাড়ি ভাংচুরের ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও পাকা রাস্তার মাথা এলাকা থেকে রোববার চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি ভাংচুরের ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও পাকা রাস্তার মাথা এলাকা থেকে রোববার চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. হোসেন (২৭), মো. মাহফুজ (২৪), জহিরুল ইসলাম (২৭) ও সাহাবুদ্দিন (২৪)। সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া অংশে তিনটি গাড়ি ভাংচুর করে। সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। এতে অধঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তিনি বলেন, একটি কাভার্ড ভ্যান, একটি লং লরি ও একটি ট্রাকে ভাংচুর চালানো হয়। পরে বিকালে উপজেলার বাঁশবাড়িয়া ও পাকা রাস্তার মাথা এলাকা থেকে ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়। এই চারজনকে আসামী করে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান ওসি। স্থানীয় সাংবাদিক সৌমিত্র চক্রবর্র্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে কথিত হয়রানির প্রতিবাদে ১০ থেকে ১৫ জন যুবক এ ভাংচুর চালায়। ভাংচুরের সময় যুবকরা অভিযোগ করে যে, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হয়রানি করছে। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ওয়াজেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২২৪৩ ঘ.