ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিটসহ বিভিন্ন ইস্যুতে সরকার 'দেশবিরোধী' অবস্থান নিয়েছে দাবি করে ঈদের পর এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিনা শুল্কে বিদেশি কোনো গাড়ি বাংলাদেশের ভেতর দিয়ে চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জনসভায় বিএনপি চেয়ারপাসন ট্রানজিট নিয়ে সরকারকে হুঁশিয়ার করেন।
খালেদা বলেন, ''ট্রানজিটের বিনিময়ে কিছু না পেলে চুক্তি বাতিল করুন। সহযোগিতা করব। শুল্ক বা ফি ছাড়া বাংলাদেশের ওপর দিয়ে কোনো বিদেশি গাড়ি চলতে দেওয়া হবে না। আমরা দেশের স্বার্থ রক্ষা করবোই।''
ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের ফি নির্ধারণে একটি নীতিমালা তৈরির সরকারি উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার বলেন, "ট্রানজিটের ওপর কোনো শুল্ক থাকতে পারে না। ট্রান্সশিপমেন্টের ওপর শুল্ক থাকতে পারে। তবে ট্রানজিটের ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবো, তাই একটা ফি থাকতে পারে।"
এর দুদিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এক সংবাদ সম্মেলনে ভারতকে ট্রানজিট দিলে দেশ অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে, তা খতিয়ে দেখার জন্য আহ্বান জানান। দেশের স্বার্থ রক্ষা হলে ট্রানজিটে বিএনপির আপত্তি থাকবে না বলেও জানিয়েছিলেন তিনি।
তবে ট্রানজিট নিয়ে সরকার দেশের 'স্বার্থবিরোধী' অবস্থান নিয়েছে দাবি করে ভারতের সঙ্গে করা এ সংক্রান্ত চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন খালেদা।
তিনি বলেন, "এতোদিন তারা (সরকার) বলেছিলো- ট্রানজিট দিলে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে। বাংলাদেশ হবে সিঙ্গাপুর। এখন শুনছি, ট্রানজিটের জন্য ভারত কোনো শুল্ক দেবে না। তারা এভাবেই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে একটি অকার্যকর ও তাবেদার রাষ্ট্রে পরিণত হতে চায়।''
এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
খালেদা দাবি করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে দেশের জন্য কিছুই আনতে পারেননি। বরং অনেক কিছু দিয়ে এসেছেন। নানা চুক্তি করে দেশকে ভারতের কাছে বন্ধক দিয়ে এসেছেন।
সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, "দুই বছরে এই সরকার কিছুই করতে পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। তাই তাদের আর সময় দেওয়া যায় না। এ সরকারকে হটানোর জন্য আপনারা ঐক্যবদ্ধ হোন।"
বিরোধী দলের নেতা-কমের্েীদর ওপর দমন-পীড়ন চলছে অভিযোগ করে তা বন্ধের জন্যও সরকারের প্রতি দাবি জানান খালেদা।
বিএনপির সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি প্রসঙ্গে তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, "এখনো আমরা ধৈর্য্য ও সহশীলতার পরিচয় দিচ্ছি। শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি। আমাদের কর্মসূচির ওপর ১৪৪ ধারা জারি বন্ধ না হলে আগামীতে তা ভেঙে কর্মসূচি সফল করা হবে।''
৭ নভেম্বর উপলক্ষে নয়া পল্টনে বিএনপি এ জনসভা আয়োজন করে। বিএনপি এ দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
বেলা আড়াইটার দিকে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভা শুরু হয়। সাড়ে ৪টার সময় বক্তৃতা শুরু করেন বিএনপি চেয়ারপারসন।
জনসভায় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দাবি করেন, এই সরকার আধিপত্যবাদী একটি দেশের সহযোগিতায় ক্ষমতায় এসেছে। তাই তারা সেই দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে।
তিনি 'আগ্রাসী শক্তির দোসর' এ সরকরকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেন, "খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের আগে বর্তমান প্রধানমন্ত্রীকে গণভবন ত্যাগ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তা প্রতিরোধে প্রয়োজনে আমি ফাঁসির মঞ্চে যেতেও রাজি।''
জনসভায় বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, মজিবুর রহমান সরওয়ার, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
জনসভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তীব্র যানজট
দুপরে নয়া পল্টনের ব্যস্ত সড়কটির ওপর জনসভা করার কারণে মতিঝিল, কাকরাইল, বিজয়নগর, তোপখানা রোড়, দৈনিক বাংলা সড়কসহ পাশ্ববর্তী বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে অফিস ফেরত মানুষকে দীর্ঘক্ষণ চরম ভোগান্তি পোহাতে হয়।
জনসভায় ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং এর আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আসে। বিকাল ৪টার মধ্যে সভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে। ফকিরেরপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত নয়া পল্টনের দীর্ঘ সড়কটিতে তিল ধারণের ঠাই ছিলো না।
করতালি ও শ্লোগানের মধ্য দিয়ে দলের কর্মীরা পুরো এলাকাকে মুখর করে রাখে। বিভিন্ন মিছিলের সঙ্গে ব্যান্ডদলও আসে।
কর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় প্রতিকৃতি বহন করছিল।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণ করা হয়। মঞ্চের আশ-পাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিএনপি আলাদা স্বেচ্ছাসেবক টিমও মোতায়েন করে।
৭ নভেম্বর উপলক্ষে সর্বশেষ বিএনপির সমাবেশটি হয়েছিলো পল্টন ময়দানে ১৯৯৮ সালে। ওই সমাবেশে খালেদা জিয়া বক্তব্য রাখার সময় বোমা হামলার ঘটনা ঘটে। অন্যান্য বছর গুলোতে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এর আগে সকালে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে খালেদা জিয়া শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এইচএ/১৯৫১ঘ.
bdnews24