রংপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের রাইটার মিন্টু মিয়ার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
ওই কার্যালয়ের এক পুলিশ কর্মকর্তা ও তার এক সোর্স বাইরের 'সন্ত্রাসী' দিয়ে এ হামলা চালিয়েছেন বলে মিন্টু মিয়া ও তার পরিবার অভিযোগ করেছে।
জেলা শহরের পাসপোর্ট অফিস এলাকয় বৃহস্পতিবার দুপুরে এ হামলা চালানো হয়। মিন্টু মিয়ার দু'টি হাত ও একটি পা ভেঙে গেছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালে মিন্টু মিয়া সাংবাদিকদের জানান, পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কার্যালয়ে অবস্থিত জেলা ডিবি পুলিশ কার্যালয়ে দীর্ঘদিন ধরে মিন্টু মিয়া রাইটার হিসেবে কাজ করে আসছেন।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ও তার সোর্স মশিয়ার রহমানের বিরুদ্ধে এসপি বরাবর বেশ কয়েকজন অভিযোগ করেন- মাদক ব্যবসায়ীদের কাছ থেকে এই দু'জন প্রতিমাসে লাখ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়া তারা নানা অনৈতিক কর্মকাণ্ডেও জড়িত রয়েছেন।
অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করার জন্য সহাকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এ সার্কেল) জাকির হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে দেন এসপি।
প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এসআই নুরুলকে কোর্টে বদলির নির্দেশ দেওয়া হয়।
এসপি'র কাছে লিখিত অভিযোগটি রাইটার মিন্টু মিয়া করিয়েছেন বলে অভিযোগ করে কয়েকদিন আগে এসআই নুরুল ও সোর্স মশিয়ার তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
মিন্টু মিয়া বলেন, বৃহসপতিবার দুপুরে তিনি রিকশায় বাবু খাঁ মহল্লার বাসা থেকে মুলাটোল হয়ে ডিবি অফিসে যাওয়ার সময় 'সন্ত্রাসী' সোহরাব, রিংকুসহ ৭/৮ জন অস্ত্র দেখিয়ে তাকে রিকশা থেকে নামিয়ে পাসপোর্ট অফিসের কাছে একটি গলিতে নিয়ে যায়।
সেখানে হকি স্টিক আর লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে তারা মিন্টুকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।
মিন্টু মিয়ার স্ত্রী মারুফা বেগম ও ছোট বোন মিনি বেগম জানান, এসআই নুরল ও সোর্স মশিয়ার রহমান সন্ত্রাসী দিয়ে এ হমলা করিয়েছে।
মিন্টুর স্ত্রী এ ব্যাপারে এসআই নুরুল ও সোর্স মশিয়ারের বিরুদ্ধে এসপি বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
রংপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24