২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আশা দেখছেন রুশনারা

বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ- এ মন্তব্য করে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি সদস্য রুশনারা আলী বলেছেন, এ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশবাসীর ঐক্যবদ্ধ থাকা জরুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সিলেট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ- এ মন্তব্য করে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি সদস্য রুশনারা আলী বলেছেন, এ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশবাসীর ঐক্যবদ্ধ থাকা জরুরি। তিনি বলেন, "বাংলাদেশের মানবসম্পদ বড় সম্পদ। এ সম্পদকে কাজে লাগাতে পারলে আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ নেতৃত্বদানকারী অর্থনীতির দেশে পরিণত হবে।" শনিবার দুপুরে সিলেট নগরভবন প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও লেবার পার্টির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছান। শনিবার তিনি যান তার জন্মস্থান সিলেটে। রুশনারা আলী বলেন, "আমার এমপি নির্বাচিত হওয়ার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন বাংলাদেশিরা। বিশেষ করে সিলেটবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তাদের অনুপ্রেরণার জন্যই আমি নির্বাচনে সফল হতে পেরেছি।" সিলেট সিটি কর্পোরেশন তাকে ওই সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নগর ভবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রুশনারা। বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুশনারা বলেন, "বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শুনেছি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। স্থানীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এ বিচার হবে। তবে ব্রিটিশ সরকার এ বিষয়ে নজর রাখছে।" বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে মন্তব্য করে রুশনারা বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। যুক্তরাজ্য বাংলাদেশে উন্নয়ন সহায়তা বাড়ানোর জন্য চেষ্টা করছে জানিয়ে রুশনারা বলেন, "যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরো জোরদার করতে কাজ করে যাবো।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। রুশনারা পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ব্রিটেনের হাউজ অব কমন্স এর সদস্য নির্বাচিত হন। রুশনারার জন্ম ১৯৭৫ সালে সিলেটে। মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে চলে যান লন্ডনে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের বুরকি গ্রামে। তিনি রাজনীতি, অর্থনীতি ও দর্শন পড়েন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭১৪ ঘ.