ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়কে কার্যকর করার জন্য তার সরকার সম্ভাব্য সব কিছু করবে।
বর্তমান সমবায় আন্দোলনকে 'মৃতপ্রায়' অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, "সমবায় আন্দোলনকে কার্যকর করতে হবে এবং সফলতা নিয়ে আসতে হবে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন না করে দেশকে আমরা দারিদ্রমুক্ত করতে পারবো না।"
জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
৩৯তম এই জাতীয় সমবায় দিবসের শ্লোগান হচ্ছে 'সমবায়ই শক্তি'।
প্রধানমন্ত্রী বলেন, "সমবায়কে কার্যকর করার জন্য যা যা করার তা করবো। যারা মনে করছেন সমবায়ের সাথে থেকে টাকা-পয়সা বানাবেন তাদের এখানে থাকার দরকার নেই। যারা সমষ্টিগত উন্নয়নের কথা চিন্তা করেন তারাই এই আন্দোলনে থাকবেন।"
আগামী প্রজন্মের জন্য দূষণ ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে তার সরকার প্রতিশ্রতিবদ্ধ এ কথা উল্লেখ করে তিনি বলেন, "সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং দারিদ্র বিমোচন সম্ভব। তাই সমবায়ের ওপর আরো গুরুত্বারোপ করতে হবে।
"জাতির পিতা রাষ্ট্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন।"
'একটি বাড়ি একটি প্রকল্প' প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "শুধু গৃহহীনদের জন্যই নয়। যেখানে অনাবাদী জমি পড়ে আছে-তাও এই প্রকল্পের আওতায় আসতে পারে। জমির মালিক এবং কৃষক সমবায়ের মাধ্যমে ফসল ফলাতে পারে। এতে করে কৃষি পণ্যের উৎপাদন বাড়বে।"
প্রধানমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, "আমরা যে প্রকল্প চালু করে গিয়েছিলাম-তা বাস্তবায়ন করতে পারলে গ্রাম থেকে দারিদ্র বিমোচন সম্ভব। সম্পদের সঠিক ব্যবহার এবং গ্রামকে সমবায়ের আওতায় এনে গ্রামের জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব।"
জাতীয় সমবায় নীতিমালা গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, "প্রকৃত সমবায়ীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।"
শেখ হাসিনা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, "স্বাধীনতার পর সমবায়ের জন্য অনেক কিছু করা হয়েছিলো। কিন্তু তখন কাক্সিক্ষত সাফল্য আসেনি। এর কারণ কী আপনারাই জানেন।"
প্রধানমন্ত্রী বলেন, "আমাদের মাটি উর্বর। সমবায়ের মাধ্যমে আমরা শস্যের উৎপাদন বৃদ্ধি করে বিদেশে রপ্তানী করতে পারি।"
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতায় চারদলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, "দুর্নীতি ও অদক্ষতাই ছিলো বিগত সরকারের মূল চালিকা শক্তি। মিল্কভিটাকে দুর্নীতির আখড়া করা হয়। বিএনপি'র মহাসচিব ছিলেন মান্নান ভূইয়া সাহেব। তিনি নিজ নির্বাচনী এলাকায় মিল্কভিটার একটা প্ল্যান্ট করেন। কিন্তু তা কোনোদিনই চালু হয়নি। কারণ, সে এলাকায় দুধও নেই, গাইও নেই।"
আশরাফুল ইসলাম বলেন, "যুক্তরাষ্ট্রে শিল্প পরিচালনা করে সমবায়। যুক্তরাজ্যে সকল কৃষি জমির মালিক সমবায়।"
সমবায় মন্ত্রী আরো বলেন, "যারা সমবায় আন্দোলন পরিচালনা করবেন তাদের অবশ্যই সৎ হতে হবে। ক্ষুদ্র ঋণ নয়, সমবায়ের মাধ্যমেই মানুষের অর্থনৈতিক মুক্তি সম্ভব।"
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী বলেন, "জাতির জনক চেয়েছিলেন প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি সদস্যকে সমবায়ের আওতায় এনে সম্পদের সঠিক ব্যবহার করতে।"
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে বক্তৃতায় অভিযোগ করে বলেন, "চারদলীয় জোট সরকারের সময় মিল্কভিটাকে দলীয়করণ করা হয়েছিলো। মিরপুরে মিল্কভিটার কারখানায় বিএনপি'র সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূইয়ার লোকজন পানি বোতলজাতকরণ যন্ত্রপাতি স্থাপন করেছিলো।"
তিনি অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির প্রতি বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সমবায় শিল্পের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।
এছাড়াও তিনি বিভিন্ন অভিজাত বিপণী বিতানে সমবায়ীদের জন্য নির্দিষ্ট দোকান রাখার ব্যবস্থা গ্রহণের জন্য সমবায় মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফেকা ইকফাৎ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমবায়ের মাধ্যমে উপকৃতদের মাঝে অর্থের চেক বিতরণ করেন। পরে সমবায় আন্দোলনের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তৃতা দেখানো হয়।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৪৪০ ঘ.
bdnews24