গোপালগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়ক ও আঞ্চলিক সড়ক থেকে নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচল বন্ধসহ তিনদফা দাবিতে শনিবার সকাল থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শুক্রবার রাতেই প্রত্যাহার করেছে গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি।
ধর্মঘট প্রত্যাহার হওয়ায় শনিবার সকাল থেকে সব রুটে যান চলাচল শুরু হয়।
জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি ও রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেন। বৈঠকে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক থেকে ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধ করে ফিডার সড়কে চলানোর সিদ্ধান্ত হয়। এরপর রাত ১২টার দিকে মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
ধর্মঘটের বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে নসিমন ও ইঞ্জিনচালিত যান চলাচল বন্ধ করা, অটো রিকশার (ইজিবাইক) লাইসেন্স বাতিল করা এবং বাস পার্কিংয়ের জন্য ১০ টাকা পৌরকর প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৩০ ঘ.
bdnews24