ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে মেজর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতের নাম মো. আব্দুল্লাহ আল মুনসুর ওরফে নোমান (১৮)। র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা শুক্রবার ভোরে তাকে নরসিংদীর পলাশ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মো. সোহায়েল বলেন, "নোমান নিজেকে মেজর শামসুল আরেফিন পরিচয় দিয়ে আইজিপি, র্যাবের ডিজি, পুলিশের এসপি, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিকে টেলিফোন করে তথ্য নেওয়ার চেষ্টা করতো।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার জিয়াউল আহসানের সঙ্গে প্রতারণা করতে গিয়ে নোমান ধরা পড়ে বলে র্যাব জানায়।
সোহায়েল বলেন, "কোন ব্যাচে সেনাবাহিনীতে ঢুকেছেন, লেফটেন্যান্ট কমান্ডার জিয়াউল আহসান জানতে চাইলে নোমান উত্তর দেয়, বেঙ্গল ব্যাচ। প্রকৃতপক্ষে এ নামে সেনাবাহিনীতে কোনো ব্যাচ নেই।"
নোমান সাংবাদিকদের বলেছেন, ইভটিজিং বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি করছে, তা জানার জন্যে তিনি এভাবে ফোন করতেন।
তবে র্যাব বলেছে, বিভিন্ন কর্মকর্তাকে পদোন্নতি-বদলির লোভ দেখিয়ে তাদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন নোমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24