ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নাখালপাড়ায় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নাখালপাড়ায় ন্যাম ফ্ল্যাটের পাঁচ নম্বর ভবনের অষ্টম তলায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্মকর্তা এএসপি তরিকুল ইসলামের বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গৃহকর্মী মিনার (১৫) মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, আলামত দেখে মনে হচ্ছে মিনা আত্মহত্যা করেছে।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসার একটি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মিনার মৃতদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।"
লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
মিনার বাবার নাম আব্দুল হামিদ। খুলনার পাইকগাছায় নাউরি গ্রামে তার বাড়ি।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গৃহকর্তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিনা মানসিক সমস্যায় ভুগছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/এজে/কেএমএস/১১৫৪ ঘ.
bdnews24