চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রীর জন্য সড়কের অর্ধেক জুড়ে মঞ্চ তৈরি করায় হাটহাজারী সড়কে যানজটে নাকাল হয়েছে উত্তর চট্টগ্রামের যাত্রীরা।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ সড়কে ব্যাপক যানজট হয়।
শুক্রবার বিকাল ৫টায় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন নগরীর অক্সিজেন মোড়ে অক্সিজেন- হাটহাজারী চার লেন সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দুপুর থেকেই অক্সিজেন মোড় সংলগ্ন কেডিএস গার্মেন্টসের সামনে সড়কের উপর মঞ্চ নির্মাণ শুরু করে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে চার লেইন অক্সিজেন-হাটহাজারী সড়কের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে।
তবে এ কারণে সড়কে সৃষ্ট যানজটের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি জানান, চার লেনের সড়কটির দৈর্ঘ্য হবে সাড়ে ১২ কিলোমিটার। এতে মোট খরচ হবে ১২৯ কোটি টাকা।
অক্সিজেন এলাকায় সড়কের কেডিএস গার্মেন্টসের পাশে মঞ্চটি তৈরির স্থানে গিয়ে দেখা যায়- সড়কের এক পাশে মঞ্চ তৈরির কাজ চলছে। এতে বিপরীতমুখী যানবাহন একটি লেইন দিয়ে চলাচলে বাধ্য হচ্ছে।
এলাকার ব্যবসায়ী আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। তারপর থেকেই যানজট শুরু।বৃহস্পতিবারে এমনিতেই সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। তার উপর এক পাশ বন্ধ থাকায় গাড়ি চলাচল বিঘি
bdnews24