২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনের জমির অবৈধ দখলদার উচ্ছেদ, বিটকর্মীর উপর হামলা

গাজীপুরে বনের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে ফিরে আসার সময় দুর্বৃত্তের হামলায় বন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

গাজীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বনের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে ফিরে আসার সময় দুর্বৃত্তের হামলায় বন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার কৌচাকুরিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার মৌচিক বন বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম মন্ডল (৪০) এবং বন প্রহরী আ. মালেক (৩৮), আ. আজিজ (৩৯), শহিদুল ইসলাম (৩৫) ও মোস্তাফিজুর রশিদ (৪৫)। এদের মধ্যে শরিফুল, আজিজ ও শহিদুলকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কালিয়াকৈর বন বিভাগের রেঞ্জ অফিসার মো. সফিউদ্দিন বলেন, কালিয়াকৈর উপজেলার কৌচাকুরিতে বন বিভাগের বেদখল হওয়া কিছু জমি দখল করতে যায় বিটকর্মীরা। কাজ শেষে অফিসে ফেরার পথে স্থানীয় নিয়ন ও আরিফের নেতৃত্বে ২৫-৩০ জন তরুণ কয়েকটি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে লাঠিসোটা দিয়ে তাদের মারধর করে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সফিউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৫৪ ঘ.